
কুমিল্লা বুড়িচংয়ে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ের কংশনগর এলাকায় মালবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে আটটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আনুমানিক আটটায় কুমিল্লা থেকে মোটরসাইকেল দিয়ে দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। পথিমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক সড়কের উপরে পড়ে গেলে লরির একটি চাকা তার মাথাকে পৃষ্ঠ করে দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এবিষয়ে ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটিকে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

