আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের রাজপথে বিক্ষোভ
মোঃ রেজাউল করিম,
নিজস্ব প্রতিনিধিঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও চরপাড়াসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান স্থান পায়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। ময়মনসিংহে কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল রাজপথে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025