দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বেলকম (Welkom) শহরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ মনজুরুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার চাটখিল উপজেলায়।
তাঁর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফিউল্লাহ সামী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম ও মিজান বেপারী, কার্যকরী সদস্য হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবাসে একজন বাংলাদেশির মৃত্যু সবসময়ই কমিউনিটির জন্য বেদনাদায়ক। তারা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025