পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর ভাই ও ভাগ্নে বউ পেলেন সারের ডিলার
কোন পরিবারে একাধিক সারের ডিলার থাকার পরেও মিলেছে আবার
পঞ্চগড় প্রতিনিধি
কৃষক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত ও কৃষি কাজে সার সংকট লাঘবের জন্য প্রতি ইউনিয়নে চলতি বছরের ৭ অক্টোবর ডিলার নিয়োগ চূড়ান্ত করে তালিকা প্রকাশ করে কৃষি মন্ত্রনালয়। তবে এই ডিলারশীপ প্রকাশের পরে পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতি, এমপি, প্রতিমন্ত্রীদের পরিবারের লোকদের প্রাধান্য দেয়া, এপিসের স্বজন সহ দলীয় নেতাকর্মীদের পুর্নবাসনের অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের সদস্যদের একাধিক সার ডিলার সহ নানা অভিযোগ করা হয়েছে। এনিয়ে কৃষি মন্ত্রনালয়, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সার ডিলার হিসেবে আবেদনকারীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যেমে সার ডিলারশীপ পেয়ে বিএনপি নেতা ও দলীয় নেতাকর্মীদের উচ্ছাসী পোস্ট দেখা গেছে। তবে নেটিজেনদের অনেকে এনিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। সার বিতরণ নিয়ে সিন্ডিকেট হতে পারে বলে মনে করছেন কৃষক সহ সংশ্লিষ্টরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, পঞ্চগড়ের ৪৩ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভার মধ্যে ২৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে জেলার তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৭ জন ডিলার, সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নে ৬ জন ও একটি পৌরসভায় একজন ডিলার, আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে ৫ জন, বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে ৫ জন ও একটি পৌরসভায় একজন এবং দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে ৫ জন ও একটি পৌরসভায় একজন। সার নিয়োগে যাদের নাম রয়েছে তারা সবাই ক্ষমতাশীন দল বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। রয়েছে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতারাও। কেউ নিজের নামে কেউ স্ত্রীর নামে করেছেন আবেদন। কেউবা তিনটির বেশি সার ডিলারশীপ হাতিয়ে নিয়েছেন।
তবে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়ে আলোচনায় রয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই ও বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। তিনি মের্সাস প্যারেন্টস ট্রেডার্স নামে সার ডিলারশীপ পেয়েছেন। জেলায় যেখানে কোন কোন ইউনিয়নে ১৬ জন পর্যন্ত ডিলার হতে আবেদন করেছেন সেখানে ওই ইউনিয়নে একমাত্র সার ডিলার হিসেবে তিনিই আবেদন করেছেন। অন্য কোন আবেদনকারীর নাম বাছাই তালিকায় পাওয়া যায় নি।
এছাড়া, বোদা পৌরসভার সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাগ্নে ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের বউ আনোয়ারা পারভীন। তিনি মেসার্স আরিয়ান ট্রেডার্স নামে সার ডিলারশীপ পেয়েছেন। তবে তিনি ছাড়াও আরো তিনজন সার ডিলার হিসেবে আবেদন করেছিলেন।
তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই ও বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়নের কাছে সার ডিলার নিয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনি নিউজ করে দেন, নিউজ করে দেন বলেই সংযোগ কেটে দেন।
অন্য যারা নিয়োগ পেলেন:
তেঁতুলিয়া উপজেলা:
এদিকে, জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, শালবাহান ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া সদর ইউনিয়নে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো এরশাদুল হক, বুড়াবুড়ি ইউনিয়নে তেঁতুলিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফ হোসেন ইমন, বাংলাবান্ধা ইউনিয়নে পঞ্চগড় ১ আসনের সাংসদ নওশাদ জমিরের এপিএসের নিকটাত্মীয় মো. আহসান হাবীব, তিরনইহাট ইউনিয়নে মরিচের বড় ব্যবসায়ী ও আগে আওয়ামী লীগের সমর্থক বর্তমানে নতুন বিএনপি নেতা মো. ফারহান সাদিক এবং দেবনগড় ইউনিয়নে পঞ্চগড় ১ আসনের সাংসদ নওশাদ জমিরের ভাগ্নি জামাই মো পারভেজ রেজা ইমন।
সদর উপজেলা:
পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মাহফুজুর রহমান বাবু, পঞ্চগড় পৌরসভায় জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো মনিরুজ্জামান মানিক, হাড়িভাসা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের স্ত্রী মোছা মাহফুজা প্রধান, হাফিবাজাদ ইউনিয়নে পঞ্চগড় ১ আসনের সাংসদ নওশাদ জমিরের নিকটাত্মীয় মো খাজা নাজিমুদ্দীন, চাকলাহাট ইউনিয়নে নব্য বিএনপি নেতা মো. সারোয়ার হোসেন, মাগুড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে নতুন যোগদান করা সমর্থক মরিচ ব্যবসায়ী রবিউল ইসলাম। এছাড়া অমরখানা ইউনিয়নে নব্য বিএনপি কর্মী লুকমান হোসেন লিয়ন। তার নামে চাচা আমির আলীর ডিলারশীপ নিয়েছেন বলে জানা গেছে। তিনি চাচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তার চাচার বিএডিসি, বিসিআইসি সার ডিলারশীপ ও টিসিবি ডিলারশীপ রয়েছে।
বোদা উপজেলা:
বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই মো. হুমায়ূন কবীর লায়ন, বোদা পৌরসভায় বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভাগ্নে বউ আনোয়ারা পারভীন, ঝলইশালশিরি ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, ময়দানদিঘী ইউনিয়নে বোদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফির স্ত্রী মোছা. সুলতানা রাজিয়া, বেংহারি বনগ্রাম ইউনিয়নে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, সাকোয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শামীম।
দেবীগঞ্জ উপজেলা:
দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপির স্ত্রী সবনাম মোস্তারী, শালডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, দেবীগঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. পান্নু মিয়া, দন্ডপাল ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দেবীডুবা ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সভাপতি মজনুর স্ত্রী মোছা. মমতাজ বেগম, চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ডালিম কুমার রায়।
আটোয়ারী উপজেলা:
আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের স্ত্রী নার্গিস আক্তার, আলোয়াখোয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলামের বউ মোছা. মমতাজ খানম, রাধানগর ইউনিয়নে পঞ্চগড় ১ আসনের সাংসদ নওশাদ জমিরের পিএস তুষার কান্তি রায়ের চাচা মৃনাল কান্তি রায়, বলরামপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলামের ছেলে মো ফাহিম মোরশেদ তীব্র। এছাড়া তোড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি সমর্থক মির্জা মো. আব্দুল কাদের। তার বাবা আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের সার ব্যবসায়ী শফিকুর রহমান বিএডিসি, বিসিআইসি সার ডিলার ও ভাই ওমর ফারুকের নামে রয়েছে টিসিবির ডিলার।
তবে সদর উপজেলার অমরখানা ও আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সার বীজ মনিটরিং কমিটি সহ সংশ্লিষ্টদের বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সার ব্যবসায়ীরা ।
আটোয়ারীর ক্ষুব্ধ সার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, নিয়ম নীতি না মেনে টাকার বিনিময়ে আব্দুল কাদেরকে সারের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে। তার বাবার নামে বিসিআইসি ও বিএডিসির সারের লাইনেন্স আছে। তার ভাই সম্প্রতি টিসিবির ডিলার পেয়েছে। এভাবে পুরনো সার ব্যবসায়ীদের বঞ্চিত করা হচ্ছে। এই এলাকার মানুষেরা ওই পরিবারটির কাছে জিম্মি হয়ে পড়বে। এর আগেও তাদের কাছে সার নিতে মানুষ হয়রানির শিকার হয়েছে।
জাকির হোসেন আটোয়ারী উপজেলার এক বাসিন্দা বলেন, যে পরিবারে একাধিক সারের লাইসেন্স আছে তাদেরকে আবারো দেয়া হয়েছে। ছাত্রলীগের রাজনীতি করা এক ব্যক্তিও পেয়েছে সারের লাইসেন্স। বিষয়গুলো তদন্ত করে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলার নিয়োগ করা হোক।
পঞ্চগড় সদর উপজেলার অভিযোগকারী ছোলায়মান আলী বলেন, অমরখানা ইউনিয়নে সার ডিলারের তালিকায় যার নাম্ এসেছে তার পরিবারে আরও দুটি সারের লাইসেন্স রয়েছে। তিনি ওই দোকানে কর্মচারী ছিলেন। তার নামে কৌশলে তারা আবেদন করেছে। অথচ তার নিজের কোন সারের গুদাম নেই। তিনি তো আবেদন করারই যোগ্যতা রাখেন না। যারা যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তারা কিভাবে এটি করলেন? আমি সব কাগজপত্র ঠিকঠাক দিলেও আমার নামই পাঠায় নি তারা। তদন্ত করে তার নাম বাদ দিয়ে প্রকৃত ব্যক্তিকে ডিলার নিয়োগ দেয়া হোক।
তেঁতুলিয়া উপজেলার সার ব্যবসায়ী জয়লান আবেদীন বলেন, সারের ডিলারের তালিকায় যাদের নাম এসেছে তারা সবাই বিএনপির নেতা ও কর্মী। তাহলে এই তামাশা করার দরকার ছিলো না। তারা ডেকে তাদের লোকজনকে ডিলারশিপ দিয়ে দিলেই পারতেন। আমরা শুধু সময় অর্থ নষ্ট করে আবেদন করলাম।
সুশাসনের জন্য নাগরিক সুজনের পঞ্চগড় জেলার সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু বলেন, সার ডিলারের তালিকায় যাদের নাম এসেছে তারা ক্ষমতাশীন দলের লোকজন। এটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। সার ব্যবসা সম্পর্কে যাদের কোন অভিজ্ঞতা নেই তারা সার ডিলার নিয়োগ পেলে সার বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে হুমকিতে পড়বে।
তবে অভিযোগ অস্বীকার করে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডিলারের তালিকায় থাকা আব্দুল কাদের বলেন, আমি আমার পরিবার থেকে আলাদা থাকি দীর্ঘদিন ধরে। ডিলার নিয়োগে যে সকল শর্ত ছিলো সবগুলো আমি পূরণ করেছি। অনেকেই অভিযোগ করছে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার।
পঞ্চগড় জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, নিয়ম অনুযায়ী উপজেলা থেকে প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য ৩ জন করে নাম পাঠিয়েছে উপজেলা কমিটি। আমরা তাদের কাগজপত্র দেখে মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেই ক্রমিকেই পাঠিয়েছি। যাচাই বাছাইয়ের দায়িত্ব উপজেলা কমিটির।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে যে অভিযোগ দিয়েছে আমি তা এখনো দেখিনি। অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025