বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধিসুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের মোখলেছ মিয়ার ছেলে শাকিল মিয়া (১৫) এবং শিপুল মিয়ার ছেলে ছিল্লো মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) বিকেলে নিহত দুই কিশোর গোসল করতে পানিতে নামে। এ সময় তারা বিদ্যুতের খুঁটির সাপোর্ট তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন বিদ্যুতের খুঁটির সামনে তাদের নিথর দেহ দেখতে পেয়ে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে শাল্লা উপজেলার আনন্দপুর বিদ্যুৎ কেন্দ্রের সুপারভাইজার সজল চন্দ্র দেবের কাছে কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমি খবর নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে পরে আপনাদের জানাতে পারব। যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, তবে ঘটনাস্থল পরিদর্শন ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমি বিষয়টি জেনেছি এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা মৌসুমে সবাইকে সতর্ক থাকার জন্য এর আগেই আমরা নির্দেশনা দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025