লিজকৃত জমির লভ্যাংশসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
জেলা প্রতিনিধি ;
মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারুগ্রাম এলাকায় লিজকৃত ১৫ বিঘা জমির চা বাগানের লভ্যাংশসহ প্রায় ১১ লাখ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে আব্দুস সামাদ ও আব্দুল কাদের নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী মোহাম্মদ মাহবুব জানান, চা বাগান করার উদ্দেশ্যে ১৪ বছর ৬ মাসের জন্য ১৫ বিঘা জমি স্ট্যাম্পের মাধ্যমে ইজারা নেওয়া হয়। ০১/০৫/২০১৮ ইং সালে ইজারা চুক্তিতে মাহবুবসহ টুনিরহাট এলাকার মৃত আজিম উদ্দীনের দুই ছেলে আব্দুস সামাদ ও আব্দুল কাদের অংশীদার হিসেবে ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০৩২ সালের ৩০ নভেম্বর।
মাহবুবের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিকে আব্দুস সামাদ ও আব্দুল কাদের তাকে জানান, তারা আর তাকে চা বাগানের অংশীদার হিসেবে রাখতে চান না। এর কারণ জানতে চাইলে তাকে হেযবুত তাওহীদে যোগ দেওয়ার কথা বলা হয়। অন্যথায় চা বাগান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে মাহবুব একাধিকবার আব্দুস সামাদ ও আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলেও তারা তার কথায় কোনো কর্ণপাত করেননি। উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাহবুবের দাবি, চা বাগান থেকে প্রাপ্য লভ্যাংশসহ তার প্রায় ১১ লাখ টাকা পাওনা রয়েছে। কিন্তু অভিযুক্তরা ওই টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মোহাম্মদ মাহবুব পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত তিনি কোনো সুরাহা পাননি বলে দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে আব্দুস সামাদের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
অভিযোগকারী মাহবুব ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার পাওনা টাকা ফেরতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025