সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) বরাবর দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর নাম ব্যবহার করে লিখিত অভিযোগ দায়েরের ঘটনা সামনে এসেছে। তবে অভিযোগটি নিজের করা নয় বলে দাবি করেছেন সিরাজুল ইসলাম। তাঁর নাম-পরিচয় ব্যবহার করে কে বা কারা এ অভিযোগ দায়ের করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
জানা গেছে, পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল করা লিখিত অভিযোগটি বিরুদ্ধে সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী উল্টো অভিযোগ দায়ের করলে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। এদিকে নিজের নাম ও পরিচয়ের অপব্যবহারের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী।
আবেদনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি জানতে পারেন, কুমিল্লার পুলিশ সুপার বরাবর তাঁর নাম ব্যবহার করে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে তাঁকে নিবেদক হিসেবে উল্লেখ করা হলেও তিনি দাবি করেন, ওই অভিযোগ তিনি করেননি এবং এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।
পরবর্তীতে অভিযোগপত্রে যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগের একটি কপি তাঁকে পাঠিয়ে জানতে চান, কেন তিনি তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। তখনই প্রথমবারের মতো বিষয়টি জানতে পারেন তিনি।
সিরাজুল ইসলামের দাবি, অভিযোগপত্রে তাঁর প্রকৃত নাম ও ঠিকানাও যথাযথভাবে উল্লেখ করা হয়নি। এতে তাঁর কোনো স্বাক্ষর নেই এবং ব্যবহৃত মোবাইল নম্বরটিও তাঁর নয়। তাঁর অনুমতি, সম্মতি কিংবা অবগতি ছাড়াই তাঁর নাম-পরিচয় ব্যবহার করে অভিযোগপত্রটি তৈরি ও দাখিল করা হয়েছে বলে তিনি মনে করছেন।
জিডির আবেদনে অভিযোগপত্রটি হোয়াটসঅ্যাপে পাঠানো ব্যক্তির ব্যবহৃত +880 1988-766700 নম্বরটি উল্লেখ করেছেন তিনি। অভিযোগপত্রটি ওই ব্যক্তি কোথা থেকে পেয়েছেন, কে তাঁকে দিয়েছেন এবং অভিযোগ তৈরি ও দাখিলের পেছনে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন।
তাঁর মতে, ওই ব্যক্তির কাছে অভিযোগপত্রটি পৌঁছানোর উৎস অনুসন্ধান এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে অভিযোগপত্রটি কে তৈরি করেছেন, কে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিয়েছেন এবং কী উদ্দেশ্যে তাঁর নাম ব্যবহার করা হয়েছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একজন সংবাদকর্মীর নাম ব্যবহার করে অন্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক। এতে তাঁর ব্যক্তিগত পরিচয়, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করতে চান না; বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চান।
এ ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু হওয়ায় অভিযোগপত্রটির প্রকৃত উৎস ও নেপথ্যের ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনের বিষয়টি এখন তদন্তের অপেক্ষায়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025