২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান,কাল সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশ"
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ।
দীর্ঘ বিরতির পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এই সফরে তিনি ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সোমবার গুলশানের ৯০ নম্বর এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সফরের বিষয়টি জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহ্দী আমিন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহ জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়কপথে তারেক রহমান ময়মনসিংহে পৌঁছাবেন এবং সরাসরি সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।
তিনি বলেন, ২০০৩ সালের পর এই প্রথম তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এবং সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
একই দিনে ফেরার পথে তারেক রহমান সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠ এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক জনসভায় বক্তব্য দেবেন। দলের জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো জানান, এসব জনসভা ঘিরে গাজীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসভা শেষে রাতে বিএনপি চেয়ারম্যান গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025