মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান স্থানীয় যুবদল নেতা মাহবুবুল আলমের
নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) রূপম কুমার সরকার, এএসআই (নিঃ) কামরুজ্জামান সোহাগ ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানের একপর্যায়ে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে উত্তর তেতাভূমি এলাকায় স্থানীয় সালাম মিয়ার বাড়ির বসতঘরের উত্তর পাশের জঙ্গলের ভেতর পড়ে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু ও শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়ে শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কারণে কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও জরুরি।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক সরবরাহের উৎস শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন স্থানীয়রা। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025