নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণপাড়া ।।।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ঘরোয়া লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রানীগাছ অগ্রণী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রানীগাছ সূর্যমুখী ফুটবল একাদশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ মাঠে রানীগাছ ফুটবল একাডেমির উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় রানীগাছ সূর্যমুখী ফুটবল একাদশ ও রানীগাছ অগ্রণী ফুটবল একাদশ। এক ঘণ্টার খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে সূর্যমুখী একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি সলিউশন বিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও মালয়েশিয়াপ্রবাসী মো. সোলাইমান, মিজানুর রহমান আকবর, মামুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া, মো. মাহফুজুর রহমান, মো. ইউসুফ সরকার, মো. অলি উল্লাহ, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, মো. শেখ সাদী, মো. মোস্তফা, ইসহাক ও মো. ইব্রাহিম খলিল।
এ সময় রানীগাছ এলাকার ফুটবলপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
খেলা শেষে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং ক্রীড়ামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা জরুরি।
তাঁরা আরও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়। এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025