ব্রাহ্মণপাড়ায় আলোচিত সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক।।।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশ বৈঠকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রবাসী স্বামীর সংসারে থাকা এক নারীর সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে স্থানীয়ভাবে ওই সালিশ বসানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সি ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় ও দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, শত শত মানুষের সামনে একজন নারীর ওপর এমন নির্মম নির্যাতন চালানো হলেও কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। এ ধরনের বিচার করার একচ্ছত্র ক্ষমতা চেয়ারম্যানকে কে দিয়েছে—সেই প্রশ্ন তোলেন স্থানীয়রা।
পরে গত ৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিশে নারীকে প্রহারের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত এ ধরনের অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পরিপন্থী এবং তা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত।
একই দিনে আরেকটি পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, আমার কাছে এরকম একটা চিঠি এসেছে আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025