দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ: মামলা ও হামলার তথ্য গোপন করে শিক্ষক দম্পতির সংবাদ সম্মেলন, আদালতে ন্যায়বিচার চান ভুক্তভোগী
দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে জমি কেনাবেচাকে কেন্দ্র করে জমি ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিনকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজামেহার গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা চলমান থাকলেও হামলার অভিযোগ ও মামলার বিষয়টি উল্লেখ না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে জমি কেনাবেচাকে কেন্দ্র করে দেবিদ্বার সাব-রেজিস্ট্রি অফিসে হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিনের ওপর অতর্কিত হামলা চালানো হয় । এ ঘটনায় তিনি বাদী হয়ে কুমিল্লা জেলা বিজ্ঞ ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন। পরে মামলার সত্যতা যাচাইয়ের জন্য আদালত সেটি দেবিদ্বার থানায় পাঠান। মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁধন চন্দ্র দাশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিন ভূঁইয়া এবং রাজামেহার এলাকার মো. জাহাঙ্গীর আলমের মধ্যে ৩৫ শতক জমি কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। জমির বায়নাপত্র সম্পাদন ও টাকা পরিশোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হেলাল উদ্দিন ভূঁইয়াকে মারধর করে তবে টাকা ছিনিয়ে নেওয়ার কোনো সতত্য পায়নি বলে উল্লেখ করা হয়৷
এ বিষয়ে ভুক্তভোগী হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিন বলেন, "আমার ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে এবং আদালতের মামলা ও আইনি প্রক্রিয়া এড়াতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মহলসহ নানা জায়গায় আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমি আদালতে মামলা দায়ের করেছি। আমার ওপর হামলার সুষ্ঠু বিচার চাই। জাহাঙ্গীর আলম যদি আমার কাছে টাকা পাওনা হয়ে থাকেন, তাহলে আদালতের মাধ্যমে তা ফেরত দেব। কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।"
এদিকে, অভিযুক্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ভোষনা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী দাবি করেন, জমি ক্রয়ের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও তাঁদের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। এ সময় তাঁরা জমি রেজিস্ট্রি সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন।
তবে ভুক্তভোগী হেলাল উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, ওই সংবাদ সম্মেলনে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলার অভিযোগ এবং আদালতে দায়ের করা মামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025