দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
অভিযানে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোঃ বিল্লাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ হানিফ (২৭) নামে অপর এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন দেবিদ্বারের বাগুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে এবং হানিফ কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদের ছেলে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025