
কুমিল্লায় লরির চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উপজেলায় হোসেনপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্হানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নের ঢাকামুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও দুজন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

