
জাজিরা থানার ওসি মাঈনুল ইসলাম বদলি, নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন সালেহ আহমেদ
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলামকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশ অনুযায়ী, তার বদলি দ্রুত কার্যকর হবে। তিনি চট্টগ্রাম রেঞ্জে যোগদান করবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা থানা পরিচালনায় দক্ষতা, শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখলেও নিয়মিত বদলি ও রোটেশনের অংশ হিসেবেই তাকে স্থানান্তর করা হয়েছে।
জাজিরা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, সামাজিক অপরাধ দমন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওসি পরিবর্তনের খবরে জাজিরায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে পুলিশের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ হঠাৎ বদলিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে নতুন ওসি সালেহ আহমেদের যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।
পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত প্রয়োজন অনুযায়ী পুলিশের পদায়ন স্বাভাবিক প্রক্রিয়াই। অভিজ্ঞ ও সক্ষম কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়ে থাকে।

