
ভালুকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
মোহাম্মদ সজল ইসলাম
ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূলভিত্তিক নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত আংশিক কমিটিতে শাহরিয়ার আহমেদ সোহানকে সভাপতি ও আনিসুর রহমান আনিসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের নেতৃত্বে তরুণদের অগ্রগতি, সাংগঠনিক ঐক্য ও ছাত্রসমাজের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আফসানুর ইসলাম খান রাফি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নেতৃত্ব দায়িত্ব পাওয়ার পর শৃঙ্খলা, ঐক্য, গণমুখী কার্যক্রম ও শিক্ষা-সচেতনতা বিস্তারে আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি কমিটি অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, সৎ, যোগ্য ও কর্মক্ষম নেতৃত্ব গঠনের মাধ্যমে এলাকায় ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

