
“ময়মনসিংহ বিভাগকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই”- বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।
ময়মনসিংহে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সঙ্গে ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি।
সভায় বিভাগীয় কমিশনার উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন- “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আমাদের জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সবাই মিলে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।”
তিনি প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে দেশের উন্নয়নযাত্রার দিশারি হিসেবে উল্লেখ করেন এবং নবীন প্রজন্মকেও দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে গঠনমূলক মতামত দেওয়ার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার আরও বলেন-“ময়মনসিংহ বিভাগকে একটি সুগঠিত, উন্নত ও সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যেতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব,ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভায় শহিদ পরিবার,আহত ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

