
মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে নুরুদ্দিন অপু
মাহমুদুর রহমান জুয়েল
সটাফ রিপোর্টার
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। দেশের মানুষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো ষড়যন্ত্রই নির্বাচনের পথে বাধা দিতে পারবে না।”
বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন অপু আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁর দেওয়া লকডাউন ও শাটডাউন সাধারণ মানুষ গ্রহণ করেননি।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সভাপতি হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজ, যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি ও হাজী মোসলেম হোসেন সরদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

