
কুমিল্লা জেলার পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষকের উপর হামলা
অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাবরক্ষক বাছির আহমেদের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় এই হামলা চালানো হয়। অভিযুক্তরা হলেন একই দপ্তরের অফিস সহায়ক আনোয়ার হোসেন ও তার পুত্র আরিফুল ইসলাম।
ভুক্তভোগী বাছির আহমেদ জানান, দীর্ঘ এক বছর ধরে আরিফুল ইসলাম তার স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করে আসছিল। বিষয়টি তার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গোপনে আরিফকে সতর্ক করেন। কিন্তু আরিফ উল্টো ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।
পরবর্তীতে আবারো হুমকি দিয়ে বলে, “তোমার ছেলেকে মেরে ফেলব, স্বামীকেও ছাড়ব না।” তখন বিষয়টি বাছির জানতে পেরে অফিস কর্তৃপক্ষকে অবহিত করেন। অফিসে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত আরিফ ও তার পিতা আনোয়ার হোসেন কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রবিবার সন্ধ্যায় বাছির ও তার স্ত্রীর উপর হামলা চালান।
হামলায় বাছির আহমেদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার স্ত্রী মাহিয়া ভুইয়াকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আহত অবস্থায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাহিয়া ভুইয়া জানান, আমাকে ও আমার পরিবারকে নিয়ে সামাজিকভাবে হেয় করার জন্য আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ পোস্ট করে আসছে। বিষয়টি অফিস জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আশরাফুজ্জামান খাঁন বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েই আমি তাকে দপ্তর প্রধানকে জানাতে বলেছি। এর আগেও আমরা অফিসে বসেছিলাম, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আবারো বসে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করব।
বাছির আহমেদ কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

