
পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ মতবিনিময় সভায় ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার প্রায় সকল কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান (বিপ্লব), পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার নিজস্ব অফিস কক্ষের অভাব, ওষুধ ব্যবসায়ীদের নানাবিধ প্রশাসনিক জটিলতা, লাইসেন্স নবায়নের সমস্যা এবং ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, জেলার ওষুধ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমাজ দেশের স্বাস্থ্যখাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সমস্যাগুলো সমাধান না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে পঞ্চগড়ের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, পঞ্চগড়ে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এ অঞ্চলের মানুষ নিজ জেলাতেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধের মান নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি ব্যারিস্টার নওশাদ জমিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

