
কুমিল্লার আলেখারচরে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদের কিনারায় চলে যায় বাস,অল্পের জন্য রক্ষা পেল বাসযাত্রীরা।
অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদের কিনারে চলে যায়। এতে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী।
(২৪ মার্চ)মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিউ শুকতারা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
বাসের যাত্রী সুজন মিয়া জানান, আলেখারচর বিশ্বরোড এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার ও রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে চলে যায়। তিনি আরো বলেন, আর একটু সামনে এগোলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
বাসের হেল্পার ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে বাসের গতি কম ছিল। এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। তাকে সরাতে বারবার চিৎকার করা হলেও তিনি সরে যাননি। এ সময় বাসটি বাম পাশে পুকুরের দিকে চলে যায়। চালকের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বাসের চালক ইউসুফ আলী বলেন, বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তাকে বাম দিকে ঘোরাতে হয়। বাসের গতি কম থাকায় যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন জানান, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

