
পলাশী ট্রাজেডি দিবস আজ: ২৬৯ বছর পরও ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার শিক্ষা স্মরণ
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস। ১৭৫৭ সালের এই দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে সংঘটিত যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার অবসান ঘটে এবং উপমহাদেশে ব্রিটিশ শাসনের পথ সুগম হয়।
ইতিহাসবিদদের মতে, মীর জাফরসহ একদল ষড়যন্ত্রকারী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কূটচালের ফলে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন। পলাশীর এই ঘটনা বাংলার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত।
পলাশী ট্রাজেডি দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিহাসের এই ঘটনাকে স্মরণ করছেন। জাতির স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় পলাশীর ইতিহাস। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

