
ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
মোহাম্মদ মাসুদ, সরাইল :
কমিউনিটি পুলিশিং খাঁটিহাতা হাইওয়ে থানা, সিলেট রিজিয়ন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরাইলের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিষ্ঠার সঙ্গে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি সরাইল উপজেলায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সাধারণ মানুষের অধিকার আদায় এবং বিভিন্ন সংকট-সমস্যায় তাদের পাশে থাকার মাধ্যমে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হাইওয়ে পুলিশের সঙ্গে জনগণের সমন্বয় এবং মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গঠিত গুরুত্বপূর্ণ এই কমিটিতে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্বের মাধ্যমে খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বৃদ্ধি পাবে। এর ফলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাধারণ মানুষ কমিউনিটি পুলিশিংয়ের সুফল আরও বেশি ভোগ করবেন।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২৫/০৮/২৬

