
মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
পূজা উদযাপন ফ্রন্ট, মোল্লাহাট, বাগেরহাটের আয়োজনে শোভাযাত্রাটি মোল্লাহাট চৌরঙ্গী ও মোল্লাহাট থানা গেট হয়ে পুনরায় খলিলুর রহমান ডিগ্রি কলেজ গেটে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে এবং মাইকে স্লোগানের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ জন্মদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। মোল্লাহাট থানা পুলিশের একটি দল শোভাযাত্রার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে।
আয়োজকদের মধ্যে পীযূষ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
পূজা উদযাপন ফ্রন্টের জুয়েল সরকার বলেন, “এ বছর কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট মোল্লাহাট থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই।”

