
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করায় দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। বর্তমানে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশায় নিয়মিত ডিউটিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় দলটি।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক চোরাকারবারি দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধরতে পেছনে ধাওয়া করেন। এ সময় ধাওয়া করতে করতে তিনি সীমান্ত অতিক্রম করে ফেললে ভারতীয় নাগরিকেরা তাঁকে ঘিরে ধরে আটক করেন। সহকর্মীকে বাঁচাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও আটকে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় দুই পুলিশ সদস্য ভারতীয় অংশে চলে যান। তাঁদের নিরাপদে ফেরত আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
