
ব্রাহ্মণপাড়ায় নির্যাতন করে গৃহবধূকে হত্যা; টিকটকার বলে চালিয়ে দেয়ার চেষ্টা
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফারজানা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা—এমন অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার।
নিহতের স্বামী ও তার পরিবার জানায় ২৯ মার্চ সকালে স্বামী বাসায় না থাকাকালে কল্পবাস এলাকায় একটি টিনশেড ভাড়া ঘরের ভেতরে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে, নিহত ফারজানার পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ফারজানাকে তার স্বামীর বাড়ির লোকজন অত্যাচার করতো।
এ ঘটনায় শুক্রবার কুমিল্লা প্রেসক্লাবে নিহত ফারজানার পরিবার সংবাদ সম্মেলন করে এ হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার দাবী করেছেন।

