
একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে….ওয়াদুদ ভুইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :
১৮ বছর আগে খাগড়াছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা পাহাড়ী-বাঙ্গালীদের বন্ধুত্ব চাই। কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সম্প্রীতি চাই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া।
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেন, বিগত সরকারের মতো আমি-ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, একটি দল ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। তারা ধর্মের দোহাই দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। তারা নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। গ্রামে-গঞ্জে তাদেরকে প্রতিহত করারও আহবান জানান তিনি।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ,
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

