
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি
দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনার দিঘলিয়া উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকির কথা উল্লেখ করে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) আবেদন করা হয়েছে।
জিডি আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারী একজন পেশাদার সাংবাদিক এবং দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ২২ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান যে, একই এলাকার বাসিন্দা মোঃ আকিব হোসেন (২৪) তার ব্যবহৃত “Md Akib Hossain” নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিকের নাম উল্লেখ করে পেশাগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ওইসব পোস্টের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি একই দিন রাত ২টা ১৭ মিনিটে ০১৬২৯-১৩০৯২১ নম্বর থেকে এবং রাত ৩টা ৩৬ মিনিটে ০১৬৪৩-৩৫৩৭৮৫ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিজের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন অভিযোগকারী সাংবাদিক।
এ বিষয়ে দিঘলিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

