
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা।
বক্তব্যে জুয়েল মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পরও যারা আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তার দাবি, দেশের জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
জুয়েল মোল্লা বলেন, বিরোধী দলের নাম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো কিংবা সরকারকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা জনগণের প্রতিরোধের মুখে ব্যর্থ হবে।
সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

