
ধানের শীষে ভোট দিলে কৃষক–ফ্যামিলি কার্ডে সুবিধা মিলবে—আটোয়ারীতে নিপুণ চৌধুরী
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ চৌধুরী বলেছেন, ধানের শীষে ভোট দিলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সনাতন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। সোমবার সকালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
নিপুণ চৌধুরী দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর জন্য এক ধরনের ফ্যামিলি কার্ড এবং কৃষকের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে উৎপাদন সহায়তা, ভর্তুকি ও প্রয়োজনীয় সুবিধা পাবে পরিবারগুলো। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানালেই এসব সুবিধা বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বলেন, হিন্দু সম্প্রদায় ভয় ছাড়াই ভোটকেন্দ্রে যাবে। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে বিএনপি—এ আশ্বাসও দেন তিনি।
বৈঠকে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

