
মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সংবাদ সম্মেলন
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালাইয়া ইউনিয়নের মোঃ ইব্রাহিমসহ স্থানীয় ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন, সম্প্রতি ১৫ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শোকসভাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, শোকসভাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের নেতা শহিদুল এবং তার ছোট ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইয়াসিনকে একা পেয়ে মারধর করেন। এ ঘটনায় পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল।
তবে পরবর্তীতে একটি রাজনৈতিক দল ছাত্রদলের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংগঠনটিকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।
তারা বলেন, “ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্রসংগঠন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।###
তৌহিদ হোসেন উজ্জ্বল
বাউফল ০১৭১৬৮৬৭৮৬৭

