
সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষাধিক মানুষের ঢল
মোহাম্মদ মাসুদ, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদক বিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে শনিবার (২২আগস্ট) বিকালে বুড্ডার তিতাস নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাটে প্রায় ২ কিলোমিটার এলাকায় ছিল লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভীড়। তীর ছাড়াও নদীতে ভাড়া করা শত শত নৌকা নিয়ে দর্শকদের ঢল নামে।
মহিলাদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আয়োজক কমিটির সভাপতি নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, প্রতিযোগিতায় অংশ নেন শেখ বয়েজ ক্লাব,শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া, এক্তাপুর শাহআলম মিয়ার নৌকা।
প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয়, বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।
বিজযী প্রথম স্থান অধিকারী নৌকা ৭৫ হাজার টাকার ষাঁড় গরু, ২য় স্থান অর্জনকারী নৌকা ফ্রিজ, ৩য় স্থান অর্জনকারী নৌকা টেলিভিশন পেয়েছে পুরস্কার হিসেবে। অংশগ্রহণকারি অন্যান্য নৌকার মালিকের হাতে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী,সাবেক সদস্য সচিব নুর আলম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বর,নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, আয়োজক সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রিয়াদস্ত সরাইল বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন, ইউ,পি সদস্য অলি আহাদ মৃধা, নোঁয়াগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জালাল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহীন, যুবদল নেতা সুমন খান।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২২-০৮-২০২৬

