
সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান
মোঃ সামছু উদ্দিন লিটন,বিশেষ প্রতিনিধি
শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির মাঝে অনুদানের অর্থ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে আজ ১১ই জুলাই সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে বিকাল পাঁচটার সময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর সহধর্মিণী ও ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দা সাজেদা শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আবদুস ছাত্তার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ মজুমদার, শিক্ষানুরাগী আবদুল মাজেদ, নবনির্বাচিত আহ্বায়ক রাকিব, সদস্য সচিব মাইনুদ্দীন এবং ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যাচাইকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার সমন্বিত উদ্যোগ একটি স্বনির্ভর, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও মেধাবী মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

