
বোরকার আড়ালে পেটে কসটেপ পেঁচিয়ে ১০ কেজি গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার
সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া।।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরকার নিচে পেটে কসটেপ দিয়ে পেঁচিয়ে ১০ কেজি গাঁজা বহন করছিলেন তারা। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দেউস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ শনিবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে বোরকার নিচে পেটে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন 24Hrstvbd.com কে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
