
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
সাইফুল ইসলাম ফাহাদ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান ও ব্যবসার মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল, আসবাব ও ব্যবসার অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
