
দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব মামলা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা তিনটি মামলায় জীবন শাহাকে ৫ হাজার, সঞ্জয় শাহাকে ৫ হাজার এবং সঞ্জয় কুমারকে ১ হাজার টাকা জরিমানা করেন। এতে মোট জরিমানা করা হয় ১১ হাজার টাকা।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ছয়টি মামলায় আবুল কালামকে ৫ হাজার, ফারুককে ১ হাজার, রাখাল শাহাকে ৫ হাজার, ফারুককে ৩ হাজার, জমির হোসেনকে ৫ হাজার এবং জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এতে মোট জরিমানা করা হয় ২৪ হাজার টাকা।
সব মিলিয়ে ৯টি মামলায় ৯ জনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
