
মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ, বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর
সাইফুল ইসলাম ফাহাদ।।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফের হাতে আটক হন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল (কং/২১৬৬) রহিত দেওয়ান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন দয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক কারবারিকে ধাওয়া করার সময় ওই দুই পুলিশ সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।
পতাকা বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীন, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে দুই পুলিশ সদস্যকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
