
সাইফুল ইসলাম ফাহাদ।।।
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই সঙ্গে বড়শালঘর ইউনিয়নে অভিযান চালিয়ে আরও দুটি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। সব মিলিয়ে অভিযানে চারটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসলি জমি, প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এসব ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধ এবং কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে মাটি উত্তোলন এবং অনুমোদনহীন ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি চালানো হবে।
