
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে আল আমিন (২৪), পিতা জমির হোসেন, সাং-সেপারা এবং রায়হান (২৬), পিতা মোহাম্মদ আলী, সাং-গজারিয়া, উভয় ইউনিয়ন-গুনাইঘর উত্তর, দেবিদ্বারকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
