
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বাগুর, বড়কামতা ও দেবিদ্বার পৌরসভার পুনরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে আল আমিন (২৪) নামে নবীয়াবাদ গ্রামের এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দক্ষিণ গুনাইঘর গ্রামের কামাল হোসেনকে ১ মাস এবং বারেরা গ্রামের কামাল ও আবুল কালামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
