
নড়িয়ায় গভীর রাতে পুলিশের অভিযান সন্দেহভাজন ৮ কিশোর আটক
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে কিশোর অপরাধী সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নড়িয়া পৌর এলাকার লঞ্চঘাট সংলগ্ন একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
নড়িয়া থানা সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে ওই এলাকায় কয়েকজন কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হওয়ায় কিশোর অপরাধে জড়িত থাকার আশঙ্কায় ৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

