
আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক, অর্জনে সমৃদ্ধ বহুমাত্রিক পথচলা
মো: মফিদুল ইসলাম সরকার :
বাংলাদেশি বংশোদ্ভূত বহুমাত্রিক মার্কিন নাগরিক এক সাহিত্যসাধক দীর্ঘদিন ধরে কবিতা, প্রবন্ধ, অনুগল্প ও ভ্রমণবিষয়ক লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করে আসছেন। তিনি কুমিল্লা জেলার কালিয়াজুরী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর পিতা মরহুম হারুনুর রশিদ এবং মাতা আয়শা বেগম।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন শহরে স্বপরিবারে বসবাস করছেন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং করপোরেশনে সিনিয়র অডিটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিজ্ঞান ও গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট। তাঁর রচিত বই আন্তর্জাতিক পরিমণ্ডলে পাঠকমহলে সাড়া ফেলেছে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গ্রন্থাগারের সংগ্রহেও অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যায়।
তিনি টানা দুইবার জুরি কমিশনের সদস্য নির্বাচিত হন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের একটি শ্রমবিষয়ক সংগঠনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের ওড়িশা থেকে সাহিত্য একাডেমি সনদ লাভ করেন। ২০২২ সালে তিনি ফিলিস্তিন থেকে “ইয়াসির আরাফাত পিস অ্যাওয়ার্ড” লাভ করেন। একই বছরে বিশ্বের নির্বাচিত ২০০ কবির রচনা নিয়ে প্রকাশিত “World Book of Anthology”-এ তাঁর লেখা স্থান পায়।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রচারিত টনি রেডিও ও টিভির পক্ষ থেকে সাহিত্যে অসামান্য অবদানের জন্য “International Award of Hope 2022” প্রদান করা হয়। বাংলাদেশের বুড়িগঙ্গা ফাউন্ডেশন তাঁকে “Peace and Humanity Thought Literature Diploma” সনদে ভূষিত করে।
তিনি রোমানিয়া থেকে “Culture and Humanity” বিষয়ক আন্তর্জাতিক সনদ এবং “Odyssey International Anthology of World Poets”-এর সনদ লাভ করেন। এছাড়া কাজাখস্তান থেকে সাহিত্য সম্মাননা, দক্ষিণ আফ্রিকা থেকে গ্রান্ট সার্টিফিকেট এবং “World International Ambassador of Peace” সম্মাননায় ভূষিত হন। তাঁর অনেক গান রুশ ভাষায় অনূদিত হয়েছে। সম্প্রতি কলম্বিয়ার একটি আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতায়ও তিনি সম্মাননা অর্জন করেছেন।
তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে অন্যতম হলো—২০২৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট Joe Biden তাঁর সাহিত্য ও সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাক্ষরিত একটি ব্যক্তিগত অভিনন্দনপত্র পাঠান বলে উল্লেখ করা হয়। এই অর্জনকে অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত লেখকদের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।

