
“অর্থ পাচার,কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে-১০ শীর্ষ শিল্পগ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরুঃ-ল
দেশের নামকরা ১০টি শীর্ষ শিল্পগ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার,ঘুষ,দুর্নীতি,প্রতারণা, জালিয়াতি এবং কর ও শুল্ক ফাঁকির অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নামকরা১১টি সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ তদন্ত শেষে সংশ্লিষ্ট গ্রুপগুলোর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান,আপাতত অর্থ পাচার,কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে দেওয়ানি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের অন্যান্য দিকও পর্যায়ক্রমে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হবে।
তদন্তের আওতায় থাকা শিল্পগ্রুপগুলো হলো:এস আলম,বেক্সিমকো,নাবিল, সামিট,ওরিয়ন,জেমকন, নাসা,বসুন্ধরা,সিকদার ও আরামিট। এছাড়া এসব গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে,দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ওঠা দুর্নীতি,প্রতারণা, জালিয়াতি,কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বর্তমান সরকারও সেই তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে।
এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন মামলার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-“১১টি সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল সংশ্লিষ্ট শিল্পগ্রুপগুলোর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করেছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। এখন তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা হবে।”
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়,তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে ভবিষ্যতে আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। মামলার কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট সংস্থাগুলো আদালতে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ উপস্থাপন করবে বলে জানা যায়।

